বাগান বাজার এলাকায় মাদক সমস্যাকে কেন্দ্র করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ভুজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম মেম্বার। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন,শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়, এটির জন্য সমাজের সবাই মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এ জন্য দলমত নির্বিশেষে সমাজের সকল স্তরের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সম্মিলিতভাবে মাঠে নেমে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পরিচয় গোপন রেখে সমালোচনা না করে সাহসের সঙ্গে সরাসরি মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে। প্রতিটি ওয়ার্ড ও সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে মাদক কারবারিদের হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে এবং কোনো আপোষ না করে, তাহলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
পোস্টে তিনি অভিযোগ করেন, অনেক সময় মাদক কারবারিদের আটক করার পর প্রভাবশালী মহল থেকে তদবির করা হয়। তার মতে, এমন তদবির হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠে। অন্যদিকে, নেতৃবৃন্দ জড়িত না থাকলে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না করার আহ্বানও জানান তিনি।